আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩২৩
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩২৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন আমাকে মি'রাজে নেওয়া হল, তখন আমি এমন কিছু সংখ্যক লোকের নিকট দিয়ে পথ অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার এবং তারা তা দিয়ে নিজ চেহারা ও বক্ষদেশ কামড়াচ্ছে। আমি বললামঃ হে জিব্রাঈল! এর কারা? তিনি বলেন: এরা মানুষের গোশত ভক্ষণ করত এবং মানুষের মর্যাদায় হস্তক্ষেপ করত।
(আবু দাউদ (র) বর্ণিত। আবু দাউদ (র) বলেন: কোন কোন মুহাদ্দিস এই হাদীসটিকে মুরসালরূপে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4323- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما عرج بِي مَرَرْت بِقوم لَهُم أظفار من نُحَاس يخمشون وُجُوههم وصدورهم فَقلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ هَؤُلَاءِ الَّذين يَأْكُلُون لُحُوم النَّاس ويقعون فِي أعراضهم

رَوَاهُ أَبُو دَاوُد وَذكر أَن بَعضهم رَوَاهُ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

মিরাজের সময় নবী করীম ﷺ আলমে বরযখের মধ্যে গীবতকারীদের অবস্থা দেখেছিলেন। যারা দুনিয়ার যিন্দেগীতে মানুষের আবরু ও ইযযতের উপর হামলা করে, অসাক্ষাতে অন্য মানুষের সম্মান বিনষ্ট করে, তাদের জন্য আল্লাহ আখিরাতের যিন্দেগীতে ভয়ানক আযাব নির্ধারিত করে রেখেছেন। মানুষের ইযযতের উপর হামলা করা মানুষের শরীরের গোশত খাওয়ার সমতুল্য। অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতনের চেয়ে সম্মানের অবমাননা বেশি পীড়াদায়ক। ঔষধের দ্বারা মানুষের শারীরিক যখম আরোগ্য করা যায়, কিন্তু মানুষের মনের উপর যে ক্ষতের সৃষ্টি করা হয় তা সহজে চিকিৎসা করা যায় না। মানুষের মন ও ইযযতের উপর হামলাকারীগণ মৃত্যুর পর আলমে বরযখে নিজেদের চেহারা এবং বুক তামার নখের দ্বারা আঁচড়াতে থাকবে। দুনিয়ার যিন্দেগীতে কথার তলোয়ার দ্বারা তারা যেরূপ অন্যের চেহারা ক্ষত-বিক্ষত করেছিল, আখিরাতের যিন্দেগীতে তাদেরকে নিজেদের চেহারা নিজেরাই ক্ষত-বিক্ষত করতে বাধ্য করা হবে। দুনিয়ার যিন্দেগীতে তারা ইযযতের উপর হামলা চালিয়ে যেরূপ মানুষের বুকের উপর ক্ষত সৃষ্টি করত, সেরূপ ক্ষত নিজেদের বুকের উপর সৃষ্টি করার জন্য তাদেরকে হুকুম করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান