কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৬৯১
আন্তর্জাতিক নং: ১৬৯১
যাকাতের অধ্যায়
৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) দান-খয়রাতের নির্দেশ দেন। তখন এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার নিজের জন্য দান কর। অতঃপর সে বলে, আমার নিকট আরো একটি (দীনার) আছে। তিনি বলেন, তুমি তা তোমার সন্তানদের জন্য দান কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বলেনঃ তুমি তা তোমার স্ত্রীর জন্য সদকা কর অথবা (স্ত্রী হলে) স্বামীর জন্য সদকা কর। সে বলে, আমার নিকট আরো একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার খাদেমদের জন্য সদকা কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি আছে। তিনি বলেনঃ তুমিই ভালো জান (তা দিয়ে তোমরা কি করা উচিত)।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالصَّدَقَةِ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي دِينَارٌ . فَقَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ " . أَوْ قَالَ " زَوْجِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ " . قَالَ عِنْدِي آخَرُ . قَالَ " أَنْتَ أَبْصَرُ " .
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ এ ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখে রাসূলুল্লাহ (ﷺ) অনুমান করতে পেরেছিলেন যে, লোকটি নিজেই অভাবী ও গরীব। আর তার কাছে কেবল একটি দীনারই রয়েছে এবং সে এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাভ ও আখেরাতের সওয়াবের জন্য কোথাও খরচ করতে চায়। তার এ কথা জানা নেই যে, মু'মিন বান্দা যা কিছু নিজের প্রয়োজনে খরচ করে অথবা আপন স্ত্রী-সন্তান ও গোলামদের পেছনে ব্যয় করে, এর সবকিছুই সদাকা হিসাবে গণ্য হয় এবং এটা আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি ও সওয়াব লাভের ওসীলা হয়। এ জন্য হুযুর (ﷺ) তাকে এ ক্রমানুসারে এ পরামর্শ দিয়েছেন। সাধারণ নিয়ম ও নির্দেশ এটাই যে, মানুষ প্রথমে ঐসব হক ও দায়িত্ব পালন করবে, যেগুলো ব্যক্তিগতভাবেই তার উপর বর্তায় এবং নিজস্ব দায়িত্ব হিসাবেই বিবেচিত হয়। তারপর সে সামনে অগ্রসর হবে। হ্যাঁ, তবে আল্লাহর ঐসব বিশেষ বান্দা- যারা তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি নির্ভরশীলতার উঁচু স্তর অর্জন করে নিয়েছে এবং তাদের পরিবার-পরিজনও এ মহাসম্পদ থেকে অংশ লাভ করে নিয়েছে, তাদের জন্য এটা ঠিক যে, নিজেরা উপোস করবে, পেটে পাথর বাঁধবে আর ঘরে যে খাবার রয়েছে সেটা গরীব-দুস্থদেরকে বিলিয়ে দেবে। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এবং বিশিষ্ট সাহাবীদের অবস্থা ও রীতি এটাই ছিল। আল্লাহ্ তা'আলা বলেন: وَیُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَلَوۡ کَانَ بِہِمۡ خَصَاصَۃٌ অর্থাৎ, তারা নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দেয়। (সূরা হাশর)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)