কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫১৪
আন্তর্জাতিক নং: ১৫১৪
নামাযের অধ্যায়
৩৬৭. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা সম্পর্কে।
১৫১৪. আন- নুফায়লী (রাহঃ) ..... আবু বকর সিদ্দীক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফারের (গুনাহে লিপ্ত হওয়ার পর লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা) পরে তওবা করে, তবে তা ইসরার (বারবার) হিসাবে গণ্য হবে না; যদিও সে ব্যক্তি দৈনিক সত্তর বারও এরূপ করে।
كتاب الصلاة
باب فِي الاِسْتِغْفَارِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ الْعُمَرِيُّ، عَنْ أَبِي نُصَيْرَةَ، عَنْ مَوْلًى، لأَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً " .
হাদীসের ব্যাখ্যা:
গুনাহর পুনরাবৃত্তি অর্থাৎ নির্দ্বিধায় নির্বিকারে গুনাহ করে যাওয়া এবং এর উপর অবিচল থাকা অত্যন্ত দুর্ভাগ্য এবং মন্দ পরিণতির লক্ষণ। এমন অভ্যস্ত পাপী বা দাগী অপরাধী যেন আল্লাহর রহমতের যোগ্যই নয়। এ হাদীসে স্পষ্টভাবে বর্ণনা করা হলো যে, বান্দা যদি গুনাহর পর ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তাহলে বার বার তার গুনাহ করা সত্ত্বেও সে গুনাহের পুনরাবৃত্তিকারী বলে গণ্য হবে না। তবে মনে রাখতে হবে যে, ইস্তিগফার শুধু মুখ বা রসনা থেকে উচ্চারিত শব্দের নাম নয়, বরং তা অন্তরের একটি তলব- যবান বা বাসনা যার ভাষ্যকার মাত্র। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা যদি অন্তরের অন্তঃস্থল থেকে হয়, তা হলে সত্তর বার গুনাহ করা সত্ত্বেও নিঃসন্দেহে বান্দা আল্লাহর রহমতের যোগ্য এবং এমতাবস্থায় তাকে গুনাহ্ পুনরাবৃত্তিকারী দাগী অপরাধী বলা যাবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)