কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫১
আন্তর্জাতিক নং: ৫৫১
নামাযের অধ্যায়
৫২. জামাআত পরিত্যাগের কঠোর পরিণতি সম্পর্কে।
৫৫১. কুতায়বা .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে বিনা কারণে মসজিদে উপস্থিত হয়ে জামাআতে নামায আদায় করবে না তার অনত্র আদায়কৃত নামায আল্লাহর নিকটে কবুল হবে না (অর্থাৎ তার নামাযকে পরিপূর্ণ নামায হিসেবে গণ্য করা হবে না)। সাহাবীরা ওযর সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যদি কেউ ভয়ভীতি ও অসুস্থতার কারণে জামাআতে হাযির হতে অক্ষম হয় তবে তার জন্য বাড়ীতে নামায পড়া দুষণীয় নয়।
كتاب الصلاة
باب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ مَغْرَاءٍ الْعَبْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ " لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلاَةُ الَّتِي صَلَّى " ، قَالَ أَبُو دَاوُدَ: رَوَى عَنْ مَغْرَاءَ أَبُو إِسْحَاقَ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সালাতের জামা'আত বর্জনকারীদের বিরুদ্ধে কঠিন সতর্কবাণী ও ধমক উচ্চারিত হয়েছে। কোন কোন বিশেষজ্ঞ বলেছেন, উযূ যেমন সালাতের জন্য শর্ত, তেমনি জামা'আত ও (সালাত কবুলের জন্য শর্ত)। উযর ছাড়া সালাতের জামা'আত ত্যাগ জনিত কারণে সালাতই আদায় হয় না। কিন্তু অধিকাংশ ইমামগণের মতে এহেন ব্যক্তির সালাত আদায় হয়ে যাবে, তবে তা হবে নিতান্ত অসম্পূর্ণ আদায়, তার সাওয়াবও হবে খুবই কম এবং আমলের যে উদ্দেশ্য- আল্লাহর বিশেষ সন্তোষ অর্জন তা থেকেও সে বঞ্চিত হবে। অধিকাংশ আলিমের মতে, এটাই হল সালাত কবুল না হওয়ার মর্ম। অন্যান্য হাদীসে যেখানে জামা'আতের সাথে এবং জামা'আত বিহীন সালাতের সাওয়াবের মধ্যে বিরাট ব্যবধানের উল্লেখ রয়েছে তাতেও জমহুর আলিমদের অভিমতের সমর্থন পাওয়া যায়। তবে এ কথা সত্য যে, সামর্থ্য থাকা সত্ত্বেও জামা'আত বর্জন মূলত রহমত ও সাওয়াব থেকে বঞ্চিত হওয়া ও দুর্ভাগ্যের শিকার হওয়ারই নামান্তর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)