কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫০
আন্তর্জাতিক নং: ৫৫০
নামাযের অধ্যায়
৫২. জামাআত পরিত্যাগের কঠোর পরিণতি সম্পর্কে।
৫৫০. হারূন ইবনে আবাদ .... আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তোমরা এই পাঁচ ওয়াক্তের নামায ঠিকভাবে আযানের সাথে হেফাযত কর। কেননা এই নামাযসমূহ হিদায়াতের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ্ নবী (ﷺ)-এর জন্য তা ফরয ও হিদায়াতের বাহন হিসেবে নির্ধারিত করেছেন। রাবী বলেন, আমরা তো দেখেছি যে, প্রকাশ্য মুনাফিকরা ব্যতীত জামাআতে কেউই অনুপস্থিত থাকত না। আমরা আরো দেখেছি যে, দুর্বল ও অক্ষম ব্যক্তি দু’জনের উপর ভর করে মসজিদে এসে জামাআতে নামায আদায়ের জন্য কাতারবদ্ধ হত। তোমাদের প্রত্যেকের (সুন্নত ও নফল) নামায আদায়ের জন্য নিজ নিজ ঘরে নামাযের স্থান আছে যদি তোমরা মসজিদ ত্যাগ করে নিজ নিজ আবাসে ফরয নামায আদায় কর তবে তোমরা তোমাদের নবীর সুন্নত ত্যাগকারী হিসেবে বিবেচিত হবে। আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নত পরিহার কর তবে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে।
كتاب الصلاة
باب فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبَّادٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ حَافِظُوا عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ الْخَمْسِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم سُنَنَ الْهُدَى وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلاَّ مُنَافِقٌ بَيِّنُ النِّفَاقِ وَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّ الرَّجُلَ لَيُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ وَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَلَهُ مَسْجِدٌ فِي بَيْتِهِ وَلَوْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ وَتَرَكْتُمْ مَسَاجِدَكُمْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم لَكَفَرْتُمْ .
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ এর বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) বলেন, পাঁচ ওয়াক্ত সালাত জামা'আতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন মূলত রাসূলুল্লাহ ﷺ এর পথ নির্দেশনা ও শিক্ষার অন্যতম দিক, যার মাধ্যমে উম্মাত সৎপথ লাভ করতে পারে। আলোচ্য হাদীসের শেষ দিকে তিনি বলেছেন: জামা'আত ছেড়ে ঘরে সালাত আদায় করা রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শ ত্যাগ করারই নামান্তর। তিনি আরো বলেছেন: এই উম্মাতের প্রাথমিক পর্যায়ের লোকেরা যেহেতু আমাদের আদর্শ ছিলেন তাই মুনাফিক ও রোগের কারণে অপারগ ব্যক্তি ছাড়া সকল মুসলমানই জামা'আতের সাথে সালাত আদায় করতেন। আল্লাহর কোন কোন বান্দা অসুস্থ হলেও লোকের সাহায্যে জামা'আতে শরীক হতেন।
হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর এই বর্ণনা থেকে একথা চমৎকারভাবে ফুটে উঠে যে, তাঁর এবং সাধারণ সাহাবীদের দৃষ্টিতে জামা'আতে সালাত আদায় করা ওয়াজিব। যারা হাদীসে উদ্ধৃত سُنَنُ الْهُدَى দ্বারা জামা'আতকে ফিকহের পরিভাষায় 'সুন্নাত' বলেন তাঁরা সম্ভবত হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর কথা সার্বিকভাবে তলিয়ে দেখেননি।
হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর এই বর্ণনা থেকে একথা চমৎকারভাবে ফুটে উঠে যে, তাঁর এবং সাধারণ সাহাবীদের দৃষ্টিতে জামা'আতে সালাত আদায় করা ওয়াজিব। যারা হাদীসে উদ্ধৃত سُنَنُ الْهُدَى দ্বারা জামা'আতকে ফিকহের পরিভাষায় 'সুন্নাত' বলেন তাঁরা সম্ভবত হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-এর কথা সার্বিকভাবে তলিয়ে দেখেননি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)