কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৯৭
আন্তর্জাতিক নং: ৩৯৭
নামাযের অধ্যায়
৩. নবী করিম (ﷺ) কর্তৃক নামায আদায়ের সময় এবং তিনি কিভাবে তা আদায় করতেন?
৩৯৭. মুসলিম ইবনে ইবরাহীম .... মুহাম্মাদ ইবনে আমর বলেন, আমরা জাবের (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নামায আদায়ের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করি। জবাবে তিনি (জাবের) বলেন, নবী (ﷺ) যোহরের নামায দ্বিপ্রহরের পরপরই, আসরের নামায সূর্য উপরে থাকতেই এবং মাগরিবের নামায সূর্যাস্তের পরপরই আদায় করতেন। তিনি এশার নামায জনসমাগম অধিক হলে (অর্থাৎ সকলে জামাআতে উপস্থিত হলে) তাড়াতাড়ি আদায় করতেন এবং জনগণের উপস্থিতি কম হলে বিলম্ব করতেন, এবং অন্ধকার থাকতেই ফজরের নামায আদায় করতেন।
كتاب الصلاة
باب فِي وَقْتِ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَيْفَ كَانَ يُصَلِّيهَا
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، - وَهُوَ ابْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - قَالَ - سَأَلْنَا جَابِرًا عَنْ وَقْتِ، صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ وَإِذَا قَلُّوا أَخَّرَ وَالصُّبْحَ بِغَلَسٍ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত জাবির (রা) এবং হযরত আবূ বারযা আসলামী (রা) বর্ণিত হাদীস থেকে যুহরের সালাত সম্পর্কে নবী কারীম ﷺ এর সাধারণ আমল জানা গেল। আর তা হল এই যে, তিনি দ্বিপ্রহরের পর পরই যুহরের সালাত আদায় করতেন। তবে আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত হাদীস থেকে একথা পরিষ্কার হয় যে নবী কারীম ﷺ এর এ অভ্যাস গ্রীষ্ম ব্যতীত অপরাপর ঋতুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কারণ যখনই প্রচণ্ড গরম পড়ত তখনই তিনি গরমে ভাটা পড়লে যুহরের সালাত আদায় করে নিতেন এবং উম্মাতকেও সেই দিক নির্দেশনা দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)