আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮০১
আন্তর্জাতিক নং: ২৩০৭-১
- ফাযায়েল ও শামাঈল অধ্যায়
১১. নবী (ﷺ) এর বীরত্ব ও যুদ্ধে অগ্রগামী
৫৮০১। ইয়াহয়া ইবনে ইয়াহয়া তামীমী, সাঈদ ইবনে মানসুর, আবু রবী আতাকী ও আবু কামিল (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকল মানুষের মধ্যে অতি সুন্দর, অতি দানশীল এবং শ্রেষ্ঠ বীর ছিলেন। কোন এক রাতে মদীনাবাসীরা ঘাবড়িয়ে পড়েছিল। যেদিক থেকে শব্দ আসছিল, লোকেরা সেদিকে ছুটে চলল। পথে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে তাদের সাক্ষাত হয় ও তখন তিনি ফিরে আসছিলেন। কারণ শব্দের দিকে প্রথম তিনিই ছুটে গিয়েছিলেন। তখন তিনি আবু তালহা (রাযিঃ) এর জ্বীনবিহীন ঘোড়ায় আরোহিত ছিলেন। তার কাঁধে তরবারি ছিল। তিনি বলছিলেনঃ তোমরা ভীত হয়ো না, তোমরা ভীত হয়ো না। তিনি আরো বললেনঃ আমি এ ঘোড়াকে পেয়েছি সমুদ্রের মতো। অথবা বললেন, এ তো সমুদ্র। ইতিপূর্বে এটি ছিল ধীর গতির একটি ঘোড়া।
كتاب الفضائل
باب فِي شَجَاعَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَقَدُّمِهِ لِلْحَرْبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كَامِلٍ - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا - حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَكَانَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَشْجَعَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ نَاسٌ قِبَلَ الصَّوْتِ فَتَلَقَّاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَاجِعًا وَقَدْ سَبَقَهُمْ إِلَى الصَّوْتِ وَهُوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ فِي عُنُقِهِ السَّيْفُ وَهُوَ يَقُولُ " لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا " . قَالَ " وَجَدْنَاهُ بَحْرًا أَوْ إِنَّهُ لَبَحْرٌ " . قَالَ وَكَانَ فَرَسًا يُبَطَّأُ .

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, প্রয়োজনীয় সেই সময় রাসূলুল্লাহ ﷺ আবু তালহার ঘোড়া কর্জ গ্রহণ করে তাতে আরোহণ করেছিলেন। বস্তুত এ ঘটনায় রাসূলুল্লাহ ﷺ-এর বীরত্ব ও জিম্মাদারীর অনুভূতির বৈশিষ্ট্য আমাদের সামনে আসে যে, বিপদকালে সত্য উদঘাটন ও যাচাই বাছাইয়ের জন্যে একাকী তিনি চলে গেলেন। তারপর প্রত্যাবর্তন করে লোকজনকে নির্ভয় করলেন, যাতে তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়। আনুষঙ্গিক রূপে এটাও জানা গেল যে, হযরত আবু তালহার ঘোড়াটি অত্যন্ত ধীরগতির ও অলস ছিল বলে লোকে তার নামই দিয়েছিল ‘মানদুব’ (মন্থর গামী)। কিন্তু ঘোড়াটি রাসুলুল্লাহ ﷺ-এর যানবাহন হয়ে এরূপ তেজী ও দ্রুতগতিসম্পন্ন হয়ে উঠল যে, তিনি স্বয়ং সেটিকে ‘প্রবহমান সমুদ্র’ (বিশাল গতিময়) বলে অভিহিত করলেন। অধিক দ্রুতগতিসম্পন্ন ঘোড়াকে بحر বলা হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৫৮০১ | মুসলিম বাংলা