আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম

হাদীস নং: ৩৭১০
আন্তর্জাতিক নং: ১৫৩১-১
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১০. ক্রেতা বিক্রেতার জন্যে খিয়ারে মজলিস থাকবে
৩৭১০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রেতা ও বিক্রেতা উভয়েরই অপরের উপর (ক্রয় বিক্রয় ভঙ্গ করার) ইখতিয়ার থাকবে, যতক্ষণ তারা একে অপর থেকে আলাদা না হয়। তবে ইখতিয়ারের (অথবা ইখতিয়ার না থাকার শর্তে) ক্রয়-বিক্রয় হয়ে থাকলে তা ভিন্ন কথা।
كتاب البيوع
باب ثُبُوتِ خِيَارِ الْمَجْلِسِ لِلْمُتَبَايِعَيْنِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْبَيِّعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَتَفَرَّقَا إِلاَّ بَيْعَ الْخِيَارِ " .

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যদি কোন পক্ষ হতেই ক্রয়-বিক্রয় বাতিল করার শর্তযুক্ত না করা হয় তবে ক্রয়-বিক্রয় বাতিল করার ক্ষমতা কেবল তখন পর্যন্ত থাকে যতক্ষণ উভয় পক্ষ পৃথক না হয়।

ইমাম শাফিঈ ও তাঁর সাথে ঐকমত্য পোষণকারী উলামা আলোচ্য হাদীসের শব্দ مَا لَمْ يَتَفَرَّقا দ্বারা খিয়ারে মজলিস বুঝেছেন। আর ইমাম আবু হানীফা (র) প্রমুখের নিকট এর অর্থ হচ্ছে- যতক্ষণ পর্যন্ত কথাবার্তা সম্পূর্ণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক পক্ষের ক্ষমতা রয়েছে অগ্রিম ফিরিয়ে নেবে। এরপর বাতিল করার কারো ক্ষমতা থাকবে না। তিনি «يَتَفَرَّقًا» শব্দ দ্বারা বিক্রয়স্থল থেকে পৃথক হওয়া নয় বরং লেনদেন ও কথাবার্তা থেকে পৃথক হওয়া ও সরে যাওয়া বুঝেছেন। যেমন কুরআন মজীদে এ শব্দই অনুরূপ অর্থে وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ তালাকের বিষয়ে ব্যবহৃত করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)