আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩০০৭
আন্তর্জাতিক নং: ১২৯৭
- হজ্ব - উমরার অধ্যায়
৪৭. কুরবানীর দিন সওয়ারীতে আরোহণ অবস্থায় জামরাতুল আকাবায় কাঁকর নিক্ষেপ করা মুস্তাহাব এবং নবী (ﷺ) এর বাণীঃ আমার নিকট থেকে তোমরা হজ্জের নিওম-কানুন শিখে নাও
৩০০৭। ইসহাক ইবনে ইবরাহীম ও আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কুরবানীর দিন নবী (ﷺ)-কে সওয়ারীতে আরোহণ অবস্থায় পাথর নিক্ষেপ করতে দেখেছি এবং তিনি বলছিলেনঃ ″আমার নিকট থেকে তোমরা হজ্জের নিয়ম-কানুন শিখে নাও। কারণ আমি জানি না এই হজ্জের পর আমি আর হজ্জ করতে পারব কিনা।″
كتاب الحج
باب اسْتِحْبَابِ رَمْىِ جَمْرَةِ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ رَاكِبًا وَبَيَانِ قَوْلِهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ: ‘لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ’
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ وَيَقُولُ " لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ " .

হাদীসের ব্যাখ্যা:

১০ই যিলহজ্ব রাসূলুল্লাহ (ﷺ) নিজের উটনীর উপর সওয়ার হয়ে মুযদালিফা থেকে মিনায় এসে পৌঁছুলেন। এ দিন তিনি সওয়ারীর উপর থেকেই জামরায়ে আকাবায় কংকর মারলেন- যাতে সবাই তাঁকে রমী করতে দেখে রমী ও কংকর মারার নিয়ম-পদ্ধতি শিখে নেয় এবং সহজে বিভিন্ন মাসআলা ও হজ্বের বিধি-বিধান জিজ্ঞাসা করে নিতে পারে। তবে তিনি দ্বিতীয় ও তৃতীয় দিন পায়ে হেঁটে কংকর মেরেছেন। যাহোক, কংকর মারা সওয়ার অবস্থায়ও জায়েয, আর পায়ে হেঁটেও জায়েয।

এ ইঙ্গিত বিদায় হজ্বে তিনি বার বার দিয়েছেন যে, ঈমানদাররা আমার নিকট থেকে যেন হজ্ব, দ্বীন ও শরী‘আতের অন্যান্য আহকাম শিখে নেয়। সম্ভবত এখন এই দুনিয়ায় আমার অবস্থান আর বেশী দিনের হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)