[হে আল্লাহ] আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ৪
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪. এর দ্বারা বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে দু‘আ করার নিয়ম শেখানো হয়েছে। সেই সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কোনও রকমের ইবাদত-উপাসনার উপযুক্ত নয়। আরও জানানো হচ্ছে, প্রতিটি কাজে প্রকৃত সাহায্য আল্লাহ তাআলার কাছেই চাওয়া উচিত। কেননা যথার্থভাবে কার্য-নির্বাহকারী তিনি ছাড়া আর কেউ নেই। দুনিয়ার বিভিন্ন কাজে যে অনেক সময় মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তা এই বিশ্বাসে চাওয়া হয় না যে, সে কর্মবিধায়ক। বরং এক বাহ্যিক ‘কারণ’ মনে করেই চাওয়া হয়। [এটা নাজায়েয নয়। তবে বাহ্যিক আসবাব-উপকরণের ঊর্ধ্বে কোনও বিষয়ে গায়রুল্লাহর সাহায্য চাওয়া কিছুতেই জায়েয নয়। তা শিরকের অন্তর্ভুক্ত, যেমন সন্তান, জীবিকা ও শিফা ইত্যাদি চাওয়া। -অনুবাদক]