২. আরবী নিয়ম অনুসারে "رَحْمٰنُ"-এর অর্থ সেই সত্তা, যার রহমত ও দয়া অত্যন্ত প্রশস্ত (Extensive) অর্থাৎ যার রহমত দ্বারা সকলেই উপকৃত হয়। আর "رَحِيْمُ" অর্থ সেই সত্তা, যার রহমত খুব বেশি (Intensive) অর্থাৎ যার প্রতি তা হয়, পরিপূর্ণরূপে হয়। দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত সকলেই ভোগ করে। মুমিন ও কাফির নির্বিশেষে সকলেই তা দ্বারা উপকৃত হয়। সকলেই রিযক পায় এবং দুনিয়ার নি‘আমতসমূহ দ্বারা সকলেই লাভবান হয়।
আখিরাতে যদিও কাফিরদের প্রতি রহমত হবে না, কিন্তু যাদের প্রতি (অর্থাৎ মুমিনদের প্রতি) হবে, পরিপূর্ণরূপে হবে। ফলে সেখানে নি‘আমতের সাথে কোনও রকমের দুঃখ-কষ্ট থাকবে না। رَحْمٰنُ ও رَحِيْمُ -এর মধ্যে এই যে পার্থক্য, এটা প্রকাশ করার জন্যই رَحْمٰنُ -এর তরজমা করা হয়েছে ‘সকলের প্রতি দয়াবান’ আর رَحِيْمُ-এর তরজমা করা হয়েছে ‘পরম দয়ালু’।