আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৩৯৭
আন্তর্জাতিক নং: ৩৬৫৯
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২০৮৪. শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৩৯৭। হুমাইদী ও মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... জুবাইর ইবনে মুত‘ঈম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা নবী কারীম (ﷺ)- এর খেদমতে এলো। (আলোচনা শেষে যাওয়ার সময়) তিনি তাঁকে আবার আসার জন্য বললেন। মহিলা বলল, আমি এসে যদি আপনাকে না পাই তবে কি করব? একথা দ্বারা মহিলাটি নবী কারীম (ﷺ)- এর ওফাতের প্রতি ইঙ্গিত করেছিল। নবী কারীম (ﷺ) বললেন, যদি আমাকে না পাও তবে আবু বকরের নিকট আসবে।
كتاب المناقب
باب
3659 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالاَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ، قَالَتْ: أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ؟ كَأَنَّهَا تَقُولُ: المَوْتَ، قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ»

হাদীসের ব্যাখ্যা:

বাহ্যত এমন মনে হয় যে, এ মহিলা মদীনা মুনাওয়ারা থেকে দূরে কোন স্থানে বসবাস করত। সে সম্ভবতঃ হুযুর (ﷺ)-এর নিকট কিছু প্রার্থনা করেছিল, যা তিনি ঐ সময় দিতে পারেননি, এ কথা বলে দিলেন যে, আগামীতে কোন দিন আবার আসবে। সে মহিলা নিবেদন করল যে, আগামীতে আমি যদি এসে আপনাকে না পাই-আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তাহলে আমি কি করব? তিনি বললেন, এমতাবস্থায় তুমি আবু বকরের নিকট আসবে। এ হাদীসে হুযুর (ﷺ)-এর ওফাতের পর সাথে সাথেই যে হযরত আবূ বকর সিদ্দীক রাযি. খলীফা হবেন, এর প্রতি স্পষ্ট ইশারা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)