ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গযব নাযিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা। ৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৬. অর্থাৎ যারা সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আমাদেরকে তাদের পথে চালিও না। মৌলিকভাবে এরূপ লোক দুই শ্রেণীর।
(ক) যারা সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করে না। الْمَغْضُوبِ عَلَيْهِمْ বলে তাদের দিকে ইশারা করা হয়েছে। এরা হল ইয়াহূদী জাতি। উপর্যুপরি বিদ্বেষ ও হঠকারিতার কারণে তাদের প্রতি আল্লাহর গযব নাযিল হয়েছে।
(খ) যারা অজ্ঞতাবশত বিপথগামী হয়, যেমন খ্রিস্টান সম্প্রদায়। الضَّالِّينَ-এর দ্বারা তাদেরই প্রতি ইশারা করা হয়েছে। তারা এমনই অজ্ঞ যে, বিভিন্ন লোকের লেখা হযরত ঈসা ‘আলাইহিস সালামের জীবনী গ্রন্থসমূহকে ‘আসমানী কিতাব ইঞ্জিল’ নামে অভিহিত করছে, ইয়াহূদীরা জনৈক ব্যক্তিকে শূলে চড়িয়ে ঈসা বলে প্রচার করে দিয়েছে আর সে কথাই তারা বিশ্বাস করছে, সর্বোপরি হযরত ঈসা (আ.)-এর প্রচারিত তাওহীদি দ্বীনের পরিবর্তে ইয়াহূদী সেন্ট পৌল যে মনগড়া পৌত্তলিক ধর্ম প্রচার করেছে, তারা খ্রিস্টধর্ম বিশ্বাসে তারই অনুসরণ করেছে এবং এভাবে চরমভাবে পথহারা হয়ে গেছে। -অনুবাদক