যাকাতের টাকা ঋণ হিসেবে খরচ করার বিধান
প্রশ্নঃ ১৭২০৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেউ আমার কাছে উপযুক্ত ব্যক্তিদেরকে দেওয়ার জন্য যাকাতের টাকা দেয়। উল্লেখিত টাকা থেকে আমার প্রয়োজনে ঋণের মতো করে খরচ করার অনুমতি আছে কিনা? যা আমি পরে কোন যাকাতের উপযুক্ত ব্যক্তির প্রয়োজন হলে আমার থেকেই আদায় করে দেব। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? বিস্তারিত জানালে উপকৃত হব।
৩০ অক্টোবর, ২০২৬
চৌমুহনী
১.৪ হাজার
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত টাকা আপনার হাতে আমানত। আর আমানতের বিধান হলো, দ্রুত সেই টাকা যথাযোগ্য ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া। নিজের প্রয়োজনে সেগুলো খরচ করা/ঋণ হিসেবে গ্রহন করা কোনোটিই জায়েজ হবে না। কেননা, যাকাতের টাকা গ্রহণকারী ব্যক্তি এখানে মূলত দাতার প্রতিনিধি (وَكِيل)। তার দায়িত্ব হলো, দাতার নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী যাকাতের অর্থ উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া। নিজের প্রয়োজনে ওই টাকা ব্যবহার করার অধিকার তার নেই। এমনকি তার নিয়ত যদি ভালো হয় এবং পরবর্তীতে নিজের টাকা দিয়ে যাকাতের অর্থ পূরণ করে দেওয়ার ইচ্ছাও থাকে, তবুও পূর্বানুমতি ছাড়া তা ব্যবহার করা বৈধ হবে না।
আল্লাহ তাআলা বলেন—
﴿إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا﴾
অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও। (সুরা আন-নিসা, ৪:৫৮)
এ আয়াতের আলোকে যাকাতের টাকা যার কাছে বণ্টনের জন্য আমানত রাখা হয়েছে, তার দায়িত্ব হলো যথাযথভাবে হকদারদের কাছে তা পৌঁছে দেওয়া। টাকা তার হাতে থাকার অর্থ এই নয় যে, ওই টাকার ওপর তার ব্যক্তিগত ব্যবহারের অধিকার সৃষ্টি হয়েছে।
তাছাড়া যাকাত আদায়ের ক্ষেত্রে দরিদ্র (যাকাত গ্রহণে যোগ্য) ব্যক্তিকে সেই অর্থের মালিক বানিয়ে দেওয়া (تمليك) একটি গুরুত্বপূর্ণ শর্ত। যতক্ষণ পর্যন্ত গ্রহীতাকে মালিক বানিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত দাতার যাকাত আদায় হবে না।
বাদায়েউস সানায়ে, (২/৩৯, রুকনুয যাকাত)- এ আছে—
فَرُكْنُ الزَّكَاةِ هُوَ إِخْرَاجُ جُزْءٍ مِنَ النِّصَابِ إِلَى اللَّهِ تَعَالَى، وَتَسْلِيمُ ذَلِكَ إِلَيْهِ يَقْطَعُ الْمَالِكُ يَدَهُ عَنْهُ بِتَمْلِيكِهِ مِنَ الْفَقِيرِ وَتَسْلِيمِهِ إِلَيْهِ
রদ্দুল মুহতার, ২/২৬৯- এ আছে—
«الْوَكِيلُ إِنَّمَا يَسْتَفِيدُ التَّصَرُّفَ مِنَ الْمُوَكِّلِ، وَقَدْ أَمَرَهُ بِالدَّفْعِ إِلَى فُلَانٍ، فَلَا يَمْلِكُ الدَّفْعَ إِلَى غَيْرِهِ»
আল-মুহিতুল বুরহানিতে আছে—
«رَجُلٌ دَفَعَ إِلَى رَجُلٍ مَالًا، قَالَ: أَعْطِ هَذَا مَنْ أَحْبَبْتَ، لَيْسَ لَهُ أَنْ يَتَصَدَّقَ عَلَى نَفْسِهِ عِنْدَ أَبِي حَنِيفَةَ، وَقَالَ مُحَمَّدٌ: لَهُ ذَلِكَ» : المحيط البرهاني، ২/৩২১।
কাজেই প্রশ্নের বর্ণনা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি যাকাতের টাকা উপযুক্ত ব্যক্তিদের মধ্যে বণ্টন করার জন্য গ্রহণ করেন, তাহলে তিনি নিজের প্রয়োজনে সেখান থেকে ঋণ হিসেবে টাকা নিতে পারবেন না। পরবর্তীতে নিজের পক্ষ থেকে সমপরিমাণ টাকা দিয়ে দেওয়ার নিয়ত থাকলেও এ কাজ বৈধ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মাসনা করা বিধান
ব্যাংকের সঙ্গে যৌথ বিনিয়োগে বাড়ি নির্মাণ
ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম শিক্ষার বিধান
প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন